মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে রামকৃষ্ণ মিশনের দুই মহারাজের সৌজন্য সাক্ষাৎ

Spread the news


মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই :
অসম বিধানসভা ভবনে সোমবার পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই), পার্বত্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে রামকৃষ্ণ মিশনের দুই বিশিষ্ট মহারাজ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে মানবসেবা, শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন শ্রীভূমি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ এবং গুয়াহাটি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী আত্মাশুদ্ধানন্দজি মহারাজ। আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে সমাজে নৈতিক শিক্ষা, যুবসমাজের চরিত্র গঠন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রামকৃষ্ণ মিশনের শিক্ষা, স্বাস্থ্যসেবা, ত্রাণ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এই ধরনের সেবামূলক প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সরকার সমান গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এ ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের অভিজ্ঞতা সমাজকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, দুই মহারাজের সঙ্গে মতবিনিময় তাঁকে অনুপ্রাণিত করেছে। তাঁদের মানবকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি ও সেবার আদর্শ সমাজের বৃহত্তর স্বার্থে গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, দুই মহারাজও সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ ও সেবার আদর্শকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান। তাঁরা শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণে সরকারি ও সামাজিক উদ্যোগের সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *