দুই সন্তান নিয়ে নদী পার হওয়ার সময় তলিয়ে গেলেন বাবা, মেলেনি সন্ধান

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : দুই সন্তান নিয়ে নদী পার হওয়ার সময় তলিয়ে গেলেন এক ব্যক্তি। এই হৃদয়বিদারক ঘটনাটি সংঘটিত হয় মিজোরামের রোটলাং ওয়েস্ট এলাকায়৷ জানা যায়, ২৭ বছর বয়সী লালরিনপুইয়া শনিবার ফাইরুয়াং নদীতে তলিয়ে যাওয়ার পর রবিবার পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। স্থানীয় স্বেচ্ছাসেবীরা জোরকদমে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, শনিবার লালরিনপুইয়া তাঁর দুই সন্তানকে নিয়ে যাত্রাপথে ফাইরুয়াং নদী পার হচ্ছিলেন। সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর ও স্রোত অনেক বেড়ে যাওয়ায় নদী পার হওয়া ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দুই সন্তান নিরাপদে নদী পার হতে সক্ষম হলেও, তাঁদের পেছনে থাকা লালরিনপুইয়া প্রবল স্রোতে ভেসে যান।

ডুবে যাওয়ার সময় তিনি সন্তানদের উদ্দেশে চিৎকার করে সাহায্য চাইলে তাঁরা উদ্ধার করার চেষ্টা করলেও প্রবল স্রোতের কারণে তা সম্ভব হয়নি।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেন। শনিবার রাত থেকেই রোটলাং ওয়েস্ট এবং পার্শ্ববর্তী ফাইরুয়াংকাই গ্রামের বাসিন্দারা নদীতে তল্লাশি চালান।

লুংসেন গ্রুপ ইয়াং মিজো অ্যাসোসিয়েশন (ওয়াইএমএ)-এর নেতৃত্বে বিভিন্ন শাখার সদস্যদের নিয়ে ব্যাপক অনুসন্ধান অভিযান পরিচালিত হচ্ছে। নদীর তীর এবং নিম্নপ্রবাহের বিভিন্ন এলাকায় নজরদারি চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *