১৩ জুলাই : গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলার থেকে সোমবার সকাল পর্যন্ত ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে। এখনও ট্রলারের ভিতরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। রবিবার রাতে গভীর সমুদ্র থেকে উদ্ধার হওয়া ট্রলারটিকে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গোবর্ধনপুর খেয়াঘাটে টেনে আনা হয়। পরে পাম্পের সাহায্যে ট্রলারের ভিতরের জল বের করে তল্লাশি চালিয়ে একে একে ৯টি দেহ উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত ৬ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন।
জানা গেছে, গত ২ জুলাই পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জন মৎস্যজীবী এফবি মা কালী নামে একটি ট্রলারে করে মাছ ধরতে গভীর সমুদ্রে যান। কিন্তু ৫ জুলাইয়ের পর থেকে ট্রলারটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু চেষ্টা করেও মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় বিষয়টি স্থানীয় মৎস্যজীবী সংগঠন, পুলিশ এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়।
এরপর যৌথভাবে নদী ও সমুদ্রের বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। দীর্ঘ অনুসন্ধানের পর রবিবার সকালে গভীর সমুদ্রে ট্রলারটিকে ডুবন্ত অবস্থায় শনাক্ত করা হয়। উদ্ধার অভিযানে সোমবার সকাল পর্যন্ত ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে যাচ্ছে।



