শিলচর সিভিল হাসপাতালে শিশুকে রেখে উধাও মা, পরিচয় জানতে তদন্তে পুলিশ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জুলাই :
শিলচর সিভিল হাসপাতালে প্রায় ১১ মাস বয়সী এক শিশুকে রেখে তার মা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে এবং তার পরিচয় ও পরিবারের সন্ধানে তদন্ত শুরু করেছে। জানা গেছে, রবিবার সকালে হাসপাতালের এক মহিলার কাছে শিশুটিকে রেখে তার মা শৌচাগারে যাচ্ছেন বলে জানান। মানবিক কারণে ওই মহিলা শিশুটিকে নিজের কাছে রাখেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও শিশুটির মা ফিরে না আসায় তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিরাপদে নিজেদের হেফাজতে নেয়। ঘটনার প্রায় দুই ঘণ্টা অতিক্রান্ত হলেও শিশুটির পরিচয় কিংবা তার পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি চাইল্ড হেল্পলাইনকে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিশুটির মায়ের পরিচয় শনাক্ত করার পাশাপাশি তিনি ইচ্ছাকৃতভাবে শিশুটিকে হাসপাতালে রেখে গেছেন, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *