এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১২ জুলাই : মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে শিলচরে অনুষ্ঠিত হলো লায়ন্স ইন্টারন্যাশনালের জোন-১৫-এর উদ্যোগে ‘হাঙ্গার রিলিফ প্রোগ্রাম’। ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মনোজ ভাজাঙ্কা ও ফার্স্ট লেডি লায়ন প্রীতি ভাজাঙ্কার বিবাহবার্ষিকী উপলক্ষে সম্প্রতি শিলচরের সেন্ট্রাল রোডস্থিত নবাব রেস্তোরাঁয় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
জোন-১৫-এর জোন চেয়ারপার্সন লায়ন অঞ্জনা দেবের উদ্যোগ ও পরিচালনায় আয়োজিত এই কর্মসূচিতে জোনের অধীন পাঁচটি ক্লাব – লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস, লায়ন্স ক্লাব অব শিলচর বিজয়, লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ন, লায়ন্স ক্লাব অব শিলচর স্মাইল এবং লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি-র সদস্যরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোন-১৫-এর এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন শঙ্কর ভট্টাচার্য-সহ বিভিন্ন ক্লাবের সদস্যরা। কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও প্রয়োজনমতো মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
আয়োজকদের মতে, বিশেষ দিনকে কেবল ব্যক্তিগত আনন্দের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের সেবায় উৎসর্গ করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দেওয়ার মধ্য দিয়ে ডিস্ট্রিক্ট গভর্নর ও ফার্স্ট লেডির বিবাহবার্ষিকীকে মানবিকতার এক বিশেষ বার্তায় স্মরণীয় করে তোলা হয়।
কর্মসূচি সফল করে তুলতে সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য পাঁচটি ক্লাবের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান জোন চেয়ারপার্সন লায়ন অঞ্জনা দেব।



