১১ জুলাই : পুরোনো বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের। মৃতের নাম জয়কুমার জয়সওয়াল (১২)। দুর্ঘটনায় জখম আরও দুই। সকলেই একই পরিবারের সদস্য। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে আজাদ নগরের ব্রহ্মাণ্ড এলাকার মাদ্রাজ চাল বস্তিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুত উদ্ধারকাজ শুরু করে তারা। সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন। বাকিদের সেখানেই চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময়ে মৃত কিশোর পরিবারের সদস্যদের সঙ্গে ঘরে ঘুমোচ্ছিল। ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয় তার। পুলিশ আরও জানিয়েছেন, যে দোতলা বাড়ি ভেঙে পড়েছে, সেটি ২৫ থেকে ৩০ বছরের পুরোনো। শুক্রবার আচমকাই ওই পুরনো বাড়ির বারান্দার একটি অংশ পাশের বাড়ির উপর ভেঙে পড়ে। পাশের বাড়িতে তিন জন ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় জয়কুমারের।
পুলিশ জানায়, আহতদের নাম ঊর্মিলা জয়সওয়াল (৩৫) এবং বিনীত জয়সওয়াল (৯)। দুজনেরই মাথায় চোট লেগেছে। তাদের মানপাড়ার টাইটান হাসপাতালে ভর্তি করানো হয়েছে।



