কাছাড়ে যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ১

Spread the news

এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১০ জুলাই :
কাছাড়ে আবারও চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার দুপুরে জেলার কাশিবন–ক্রেইগপার্ক গ্রামীণ সড়কে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাহন থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করে গুমড়া পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সূত্রে জানা গেছে, মিজোরাম থেকে যাত্রীবাহী গাড়িতে করে ৬ নম্বর জাতীয় সড়ক হয়ে বহিঃরাজ্যে বার্মিজ সিগারেট পাচারের চেষ্টা চলছিল। এমন তথ্যের ভিত্তিতে গুমড়া পুলিশ কাশিবন–ক্রেইগপার্ক সড়কে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। তল্লাশিতে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার হয় এবং ঘটনাস্থল থেকেই এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

ধৃত ব্যক্তির নাম মিনাল হোসেন লস্কর। তিনি কাছাড় জেলার ধলাই থানার বাসখাল গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া বার্মিজ সিগারেট ও ধৃত অভিযুক্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *