বিশ্বজিৎ আচার্য, শিলচর
বরাক তরঙ্গ, ১০ জুলাই : প্রতিবন্ধীদের মাসিক ভাতা ও আর্থিক সহায়তা পুনরায় চালুর দাবিতে শুক্রবার শিলচরের জেলা প্রশাসকের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশে স্মারকলিপি প্রদান করেছে আসাম প্রতিবন্ধী এনজিও, সোনাই ধনেহরি প্রথম খণ্ড। সংগঠনের উদ্যোগে এদিন প্রায় ৪০ থেকে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি জমা দেন। পাশাপাশি স্মারকলিপির অনুলিপি কাছাড়ের মন্ত্রী কৌশিক রায় এবং শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের কাছেও পাঠানো হয়।
স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের সম্পাদক খালেদ হোসেন বড়ভূইয়া সাংবাদিকদের জানান, ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রতিবন্ধীদের জন্য এককালীন ২০ হাজার টাকার আর্থিক সহায়তা এবং মাসিক ৫০০ টাকা ভাতা প্রদান করা হতো। তবে দীর্ঘদিন ধরে এই সুবিধা বন্ধ থাকায় জেলার বহু প্রতিবন্ধী ব্যক্তি চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছেন।
তিনি বলেন, দ্রুত ভাতা পুনরায় চালু করা হলে প্রতিবন্ধী মানুষের ন্যূনতম জীবনধারণে তা উল্লেখযোগ্য সহায়ক হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই ন্যায্য দাবির প্রতি সরকার ইতিবাচক সাড়া না দিলে আগামী দিনে গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।



