মদনমোহনে শিশুকন্যা ধর্ষণ ও হত্যা: দোষীদের কঠোর শাস্তির দাবিতে লংগাইয়ে এআইডিএসও-র ছাত্র বিক্ষোভ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ জুলাই :
শ্রীভূমি জেলার মদনমোহন আউটপোস্ট এলাকার আট বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে লংগাইয়ের নেতাজি মূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর করিমগঞ্জ জেলা কমিটি।

প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা “শিশুকন্যা ধর্ষণ ও হত্যার বিচার চাই”, “অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে” এবং “ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে”—সহ একাধিক স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এআইডিএসও-র করিমগঞ্জ জেলা সম্পাদক সঞ্চিতা শুক্ল বলেন, এই পৈশাচিক ঘটনা সমগ্র সমাজকে স্তম্ভিত করেছে। তিনি অভিযোগ করেন, দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ উদ্বেগজনক হারে বাড়লেও বহু ক্ষেত্রে অপরাধীরা আইনের ফাঁক গলে পার পেয়ে যাচ্ছে। তাই এই ঘটনায় দ্রুত তদন্ত সম্পন্ন করে ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে বিচার শেষ করার পাশাপাশি এমন শক্তিশালী চার্জশিট দাখিলের দাবি জানান, যাতে অভিযুক্তরা কঠোরতম শাস্তি পায়।

তিনি আরও বলেন, সমাজে মাদকদ্রব্যের অবাধ বিস্তার এবং ইন্টারনেটে অশ্লীল ও অপসংস্কৃতির প্রসার এ ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। এই পরিস্থিতি রোধে মাদকের অবাধ প্রচলন বন্ধ এবং অনলাইনে অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান এআইডিএসও নেত্রী। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মাদক ও পর্নোগ্রাফির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *