শিলচরের আলমবাগে ১১২ পিস নকল সোনা উদ্ধার, আটক এক

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ জুলাই :
শিলচরের আলমবাগ এলাকায় অভিযান চালিয়ে ৭.২৩ কেজি ওজনের ১১২ পিস নকল সোনার টুকরো উদ্ধার করেছে কাছাড় পুলিশ। এই ঘটনায় চিবিটাবিছিয়া পঞ্চম খণ্ডের আশিসকুমার রায় (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে প্রতারণা চক্রের সম্ভাব্য যোগসাজশ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আলমবাগ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় তার কাছ থেকে মোট ১১২ পিস নকল সোনার টুকরো উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৭.২৩ কেজি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাধারণ মানুষকে আসল সোনার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই নকল সোনাগুলি বাজারজাত করার পরিকল্পনা ছিল।

কাছাড় পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এর নেটওয়ার্ক কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে, ঘটনার পর সাধারণ মানুষের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে পুলিশ। সোনা বা অন্য কোনো মূল্যবান ধাতু কেনার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কেবলমাত্র অনুমোদিত ও বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকেই সোনা কেনার আহ্বান জানানো হয়েছে। কোনও ধরনের সন্দেহজনক লেনদেন বা প্রতারণার তথ্য পেলে দ্রুত নিকটবর্তী থানায় অথবা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কাছাড় পুলিশ। পুলিশের মতে, জনসচেতনতা বৃদ্ধি পেলেই এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড অনেকাংশে রোধ করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *