বরাক তরঙ্গ, ৯ জুলাই : লখিমপুর জেলার রঙানদী উন্নয়ন খণ্ডে এমজিএনআরইজিএ প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রকাশের পরই সাংবাদিককে গভীর রাতে বাড়ি থেকে দাগী অপরাধীর মতো গ্রেফতার করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাওবৈচার সাংবাদিক অঞ্জন উপাধ্যায়ের গ্রেফতারের ঘটনায় কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে অসম বার্তাজীবী সংঘ দাবি করেছে, সমগ্র ঘটনার পাশাপাশি রঙানদী উন্নয়ন খণ্ডে সংঘটিত দুর্নীতির অভিযোগের তদন্ত উচ্চ আদালতে কর্মরত একজন বিচারপতির তত্ত্বাবধানে হওয়া উচিত।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মধুসূধন মেধি ও সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা অভিযোগ করেন, রঙানদী উন্নয়ন খণ্ডের অন্তর্গত ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে এমজিএনআরইজিএ প্রকল্পের অধীনে রাস্তা নির্মাণে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশের পরই কাকতালীয়ভাবে দুই ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে লালুক থানার পুলিশ গভীর রাতে সাংবাদিক অঞ্জন উপাধ্যায়ের বাড়ি ঘেরাও করে তাঁকে জামিন অযোগ্য মামলায় গ্রেপ্তার করে। অথচ প্রশাসনের উচিত ছিল প্রকাশিত দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা। পরিবর্তে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সংবাদ প্রকাশকারী সাংবাদিককে অপরাধীর মতো গ্রেপ্তার করা হয়েছে, যা পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
অসম বার্তাজীবী সংঘ আরও স্মরণ করিয়ে দেয়, চলতি বছরের এপ্রিল মাসে অসমীয়া প্ৰতিদিন-এর লখিমপুর সংস্করণ কার্যালয়ে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল। লখিমপুর জেলা সাংবাদিক সংস্থা হামলাকারীদের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিলেও তিন দিনের মধ্যে গ্রেপ্তারের যে আশ্বাস দেওয়া হয়েছিল, তিন মাস পেরিয়ে গেলেও তার বাস্তবায়ন হয়নি। হামলাকারীরা এখনও অধরা। অথচ দুর্নীতির সংবাদ প্রকাশের পর অভিযোগের ভিত্তিতে সাংবাদিককে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশ অস্বাভাবিক তৎপরতা দেখিয়েছে বলে সংগঠনটির অভিযোগ।
লখিমপুরের পুলিশ সুপারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে সংগঠনটি জানতে চেয়েছে, সংবাদপত্রের কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার কবে করা হবে। একই সঙ্গে সাংবাদিক অঞ্জন উপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, এই ধরনের ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।
অসম বার্তাজীবী সংঘ উভয় ঘটনারই উচ্চ আদালতে কর্মরত একজন বিচারপতির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে। পাশাপাশি রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের মহাপরিচালকের অবিলম্বে হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। এছাড়া সাংবাদিক অঞ্জন উপাধ্যায়ের নিঃশর্ত মুক্তির দাবিতে লখিমপুর জেলা সাংবাদিক সংস্থা যে কর্মসূচি গ্রহণ করবে, তার প্রতি পূর্ণ সমর্থনও ঘোষণা করেছে অসম বার্তাজীবী সংঘ।



