বরাক তরঙ্গ, ৮ জুলাই : বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির অভিযোগে বাকসা জেলার ঢেকিভাঙা এলাকায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাড়ির প্রবেশমুখে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারে স্পৃষ্ট হয়ে প্রাণ হারান কিশোর বর্মন। তিনি এক কন্যাসন্তানের পিতা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসতেই ঘটনাস্থলেই গুরুতর আহত হন কিশোর বর্মন। পরে তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হলেও তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন ও ছিঁড়ে পড়া তারের বিষয়ে দপ্তরকে জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। সেই অবহেলার জেরেই এক নিরীহ যুবকের প্রাণ ঝরে গেল।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি, বিদ্যুৎ বিভাগের গাফিলতির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য বিদ্যুৎ পরিকাঠামোর দ্রুত সংস্কারেরও দাবি উঠেছে।



