মালুগ্রামের জ্যোতিসালয় বৃদ্ধাশ্রমে লায়ন্স ক্লাবের ডায়াবেটিস শনাক্তকরণ শিবির, ৫১ জনের স্বাস্থ্য পরীক্ষা

Spread the news

বরাক তরঙ্গ, ৭ জুলাই : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে ক্লাবের স্থায়ী প্রকল্প ‘ডায়াবেটিস ডিটেকশন ক্যাম্প’-এর আওতায় মঙ্গলবার মালুগ্রামের জ্যোতিসালয় বৃদ্ধাশ্রমে একটি আউটরিচ স্বাস্থ্য শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়।

ক্লাব সূত্রে জানা যায়, গত লায়নিস্টিক বর্ষে এই প্রকল্পটি নিয়মিতভাবে ওম হেলথ কেয়ারে পরিচালিত হলেও চলতি বর্ষ থেকে এটিকে আউটরিচ প্রকল্পের রূপ দেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে জেলার বিভিন্ন এলাকায় চারটি করে ডায়াবেটিস শনাক্তকরণ শিবির আয়োজন করা হবে। এদিনের শিবিরে বৃদ্ধাশ্রমের আবাসিক প্রবীণ, সহায়ক কর্মী এবং স্থানীয় এলাকার বাসিন্দারা অংশ নিয়ে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করান। মোট ৫১ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি ধরা পড়ে।
লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ জানিয়েছে, আক্রান্ত পাঁচজনের নিয়মিত ফলো-আপ করা হবে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

ক্লাবের এই মানবিক উদ্যোগকে মালুগ্রাম এলাকার বাসিন্দারা স্বাগত জানান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করেন।
ক্লাবের সভাপতি সঞ্জীব রায়ের নেতৃত্বে আয়োজিত শিবিরে প্রকল্পের চেয়ারপার্সন পুষ্পাবতী রায়, জ্ঞানশ্রী প্রকাশ, বন্দিতা ত্রিবেদী রায়, সুতপা চক্রবর্তী, অমিতা রায়, চুমকি রায়সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *