সভাপতি কামাল চৌধুরী, সম্পাদক দীপককুমার দে
বরাক তরঙ্গ, ৫ জুলাই : আন্তর্জাতিক রোটারি ডিস্ট্রিক্ট-৩২৪০-এর অন্তর্গত হাইলাকান্দি রোটারি ক্লাবের ২০২৬-২৭ বর্ষের ২২তম অভিষেক অনুষ্ঠান শনিবার ক্লাব প্রাঙ্গণে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন পরিচালন পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ ও শিলচর কাছাড় কলেজের জ্যেষ্ঠ অধ্যাপক ড. জয়দীপ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট-৩২৪০-এর জোন-১৫-এর অ্যাসিস্ট্যান্ট গভর্নর ডাঃ অমিতকুমার কালোয়ার।
এদিন বিদায়ী সভাপতি ত্রিদিবেশ চক্রবর্তী নতুন সভাপতি হিসেবে কামাল চৌধুরীর হাতে দায়িত্বভার অর্পণ করেন। অপরদিকে, বিদায়ী সম্পাদক কামাল চৌধুরীর কাছ থেকে নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দীপক কুমার দে।
অনুষ্ঠানের শুরুতে ইনস্টলেশন চেয়ারম্যান ডাঃ নজমুল হোসেন মাঝারভূইয়া স্বাগত ভাষণ প্রদান করেন। বিদায়ী সভাপতি ত্রিদিবেশ চক্রবর্তী ক্লাব সদস্যদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে উপহার সামগ্রী প্রদান করেন। একই সঙ্গে বিদায়ী সম্পাদক কামাল চৌধুরী বিগত বছরের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

নবনির্বাচিত সভাপতি কামাল চৌধুরী আগামী দিনে মানবসেবা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে নতুন পরিচালন পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট হিসেবে ত্রিদিবেশ চক্রবর্তী, সহ-সভাপতি ইন্দ্রনীল চক্রবর্তী, সম্পাদক হিসেবে দীপককুমার দে, প্রশাসনে সমীরণ পাল, কোষাধ্যক্ষ ও ক্লাব ট্রেইনার হিসেবে প্রতিকণা পাল, যুব সেবায় বিভা ভূষণ চক্রবর্তী, সম্পাদকীয় বিভাগে হরকিশোর চন্দ, ফাউন্ডেশনে অসিতকুমার পাল, সার্জেন্ট-অ্যাট-আর্মস হিসেবে ডা. মানব নাথ, ক্লাব লার্নিং ও পাবলিক ইমেজে শংকর চৌধুরী, জনসংযোগ ও কমিউনিটি সার্ভিসে ডাঃ নজমুল হোসেন মাঝারভূইয়া, সার্ভিস প্রজেক্টে কানহাইয়া সারদা, সাক্ষরতা বিভাগে বিজয়িনী ভট্টাচার্য, স্বাস্থ্য পরিষেবায় ডা. কৃপাময় নাথ, স্বাস্থ্য ও রোগ প্রতিরোধে পিনাক কান্তি চক্রবর্তী এবং ভোকেশনাল সার্ভিস, জল, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিভাগে লুৎফুর রহমান বড়ভূঁইয়াকে দায়িত্ব প্রদান করা হয়।তাছাড়া ও চিকিৎসক ডাঃ সৌগত রায়কে নতুন সদস্য হিসেবে ক্লাবে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি ক্লাবের বার্ষিক মুখপত্র ‘সংকল্প’-এর আনুষ্ঠানিক উন্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দ।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দিব্যাঙ্গ মানুষের কল্যাণে কাজ করে চলা ‘সক্ষম’ সংস্থার সদস্য গোবিন্দ চন্দ্র নাথ, নেপালের অন্নপূর্ণা সার্কিট ট্রেক জয়কারী শিক্ষক হিমাদ্রি সিংহ, জাতীয় গেমসে টাইকোন্ডোতে ব্রোঞ্জপদকজয়ী পঞ্চমী দাস, সিএফএ-এর প্রথম স্তর উত্তীর্ণ অভিনব সারদা এবং ম্যাগাজিন সম্পাদনায় পারদর্শিতার জন্য পার্থিব ভট্টাচার্যকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রোটারির আদর্শ ও চলতি বর্ষের থিম নিয়ে বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন সভাপতি ও জোনাল অ্যাসিস্ট্যান্ট গভর্নর হরকিশোর চন্দ। মুখ্য অতিথি ড. জয়দীপ বিশ্বাস আন্তর্জাতিক পরিসরে রোটারির মানবসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি ডা. অমিত কুমার কালোয়ার পোলিও নির্মূলে রোটারির ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে আগামী দিনে হাইলাকান্দি রোটারি ক্লাব আরও বৃহত্তর পরিসরে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন সভাপতি বিজয়িনী ভট্টাচার্য ও প্রাক্তন সম্পাদক ইন্দ্রনীল চক্রবর্তী। ধন্যবাদ জ্ঞাপন করেন নবনির্বাচিত সম্পাদক দীপককুমার দে।
অনুষ্ঠানের শেষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিলচরের বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুস্মিতা হোম চৌধুরী।



