বরাক তরঙ্গ, ৩ জুলাই : বার্মিজ সুপারি চোরাচালান ও অর্থপাচারের অভিযোগে শিলচরের ব্যবসায়ী আবুব মজুমদারের দুটি বাড়িতে শুক্রবার ভোর থেকে একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গুয়াহাটি ও কলকাতা থেকে আসা ইডির বিশেষ দল বিপুল নিরাপত্তা বাহিনী নিয়ে শহরের ইটখোলা ঘাট এলাকার বাসভবন এবং ইটখোলা ঘনিওয়ালা রোডের আরেকটি বাড়িতে একসঙ্গে অভিযান পরিচালনা করে।
তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, আবুব মজুমদারের আর্থিক লেনদেন, সম্পদের উৎস এবং কথিত বার্মিজ সুপারি চোরাচালান চক্রের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই চক্রের সঙ্গে যুক্ত থেকে তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন।
স্থানীয় সূত্রের দাবি, ইডির অভিযানের খবর পেয়ে আবুব মজুমদার বাড়ি ছেড়ে চলে যান। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে দাবি করা হলেও তাঁর অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন মামলায় আবুব মজুমদার অসম পুলিশ ও সিআইডির নজরে এসেছিলেন। তবে বর্তমান অভিযানের বিষয়ে ইডির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযোগগুলোর সত্যতা তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে।



