রোনালদোর গোলে সমতা, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

Spread the news

৩ জুলাই : টরেন্টো স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয় ক্রোয়েশিয়ার সমতাসূচক গোল। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্তিয়ানো রোনালদোর দল। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ স্পেন।

প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তবে ৬৮ মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান ক্রিস্তিয়ানো রোনালদো।

৪১ বছর বয়সী রোনালদোর জন্য এটি বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম গোল। চলতি আসরে তার মোট গোলসংখ্যা দাঁড়াল তিনটিতে।

সমতায় ফেরার পর জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে দুই দলই। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রাফায়েল লেয়াওয়ের ক্রসে দারুণ হেডে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গনসালো রামোস। গ্যালারিতে তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন পর্তুগাল সমর্থকেরা।

তবে শেষ বাঁশি বাজার আগমুহূর্তে ম্যাচে তৈরি হয় আরও বড় নাটক। যোগ করা সময়ের ১৩তম মিনিটে মারিও পাসালিচের ক্রসে বল জালে জড়িয়ে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান যসকো ভার্দিওল। উল্লাসে মেতে ওঠে ক্রোয়াট শিবির। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়। মুহূর্তেই উল্লাস বদলে যায় হতাশায়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই শেষ ষোলোয় জায়গা করে নেয় পর্তুগাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *