উধারবন্দে বিপুল পরিমাণ নিষিদ্ধ কোডিন ফসফেট উদ্ধার, গ্রেফতার ২

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুলাই : উত্তর-পূর্বাঞ্চলে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আসাম রাইফেলসের শ্রীকোণা ব্যাটালিয়ন এবং কাছাড় পুলিশের যৌথ অভিযানে উধারবন্দ এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধজাতীয় মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানে প্রায় ৭.২৫ লক্ষ টাকা মূল্যের কোডিন ফসফেট বাজেয়াপ্ত করা হয় এবং দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ১ জুলাই রাত সাড়ে ১০টা থেকে ২ জুলাই ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানটি উদারবন্দ জংশনের জেনারেল এজি গোঁসাইপুর জাতীয় সড়ক এলাকায় চালানো হয়। শ্রীকোণা থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে নিরাপত্তা বাহিনী কড়া নাকা চেকিংয়ের ব্যবস্থা করে। অভিযান চলাকালীন এএস-১১ডিসি-২০৫৩ নম্বরের একটি অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে গাড়ি থেকে ২১টি বাক্সে রাখা মোট ২,৫০০টি কোডিন ফসফেট উদ্ধার হয়। কোডিন ফসফেট একটি প্রেসক্রিপশনভিত্তিক ওষুধ হলেও এর অপব্যবহার মাদক হিসেবে ব্যাপকভাবে হয়ে থাকে। ঘটনাস্থল থেকে আটক দুই ব্যক্তির পরিচয় রেবুল উদ্দিন (৩২) এবং সেলিম উদ্দিন (৫৫)। দু’জনই কাছাড় জেলার লাঠিগ্রাম এলাকার বাসিন্দা।

আসাম রাইফেলস জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য, আটক অটোরিকশা এবং গ্রেফতার দুই অভিযুক্তকে পরবর্তী আইনি ব্যবস্থা ও তদন্তের জন্য কাছাড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *