রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুলাই : রাম মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা কংগ্রেস। ইন্দিরা ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। এর জেরে ইন্দিরা ভবনের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
জেলা কংগ্রেসের অভিযোগ, রাম মন্দিরের অর্থ ব্যবহারে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ প্রকাশ্যে এলেও এখনও পর্যন্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেওয়া হয়নি। এর প্রতিবাদে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলেও প্রশাসন অনুমতি না দিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে কর্মসূচিতে বাধা দেয় বলে দাবি তাদের।
কংগ্রেস নেতাদের বক্তব্য, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু সেই অধিকার প্রয়োগে বাধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
অন্যদিকে, প্রশাসনিক সূত্রের দাবি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই কারণেই বিক্ষোভ মিছিলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।
জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাম মন্দিরের অর্থ সংক্রান্ত অভিযোগের স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। যদিও ঘটনাকে কেন্দ্র করে ইন্দিরা ভবন চত্বরে কিছু সময় উত্তেজনা বিরাজ করে, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।



