প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে, স্বামী-সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় গৃহবধূ

Spread the news

এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২ জুন :
প্রথম স্ত্রীকে আইনগতভাবে বিবাহবিচ্ছেদ না দিয়েই দ্বিতীয় বিয়ে করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছাড়ের কাটিগড়া ও বদরপুর এলাকায়। এঘটনায় স্বামী সহ শাশুড়ি, দেবর ও মামা-শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে বদরপুর থানায় একটি এজাহার দায়ের হয়েছে। পুলিশ অভিযোগ গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

অভিযোগকারী অপর্ণা মালাকারের দাবি, প্রায় ১৭ বছর আগে বদরপুর ঘাট এলাকার বাসিন্দা সঞ্জু মালাকারের সঙ্গে তাঁর বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন সংসার স্বাভাবিকভাবে চললেও প্রায় তিন মাস আগে তাঁর সম্মতি বা পূর্ব অবগতির বাইরে স্বামী এক বিধবা মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন বলে তিনি অভিযোগ করেন।

অপর্ণা মালাকারের অভিযোগ, দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্বামী এবং তাঁর পরিবারের সদস্যরা তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। একপর্যায়ে দুই সন্তানসহ তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে তিনি কাটিগড়ায় বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে বসবাস করছেন।

বুধবার বদরপুর থানায় দায়ের করা এজাহারে তিনি স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্বিতীয় বিয়েতে সহযোগিতার অভিযোগে স্বামীর মা, ভাই ও মামার বিরুদ্ধেও অভিযোগ উত্থাপন করেছেন।
এ বিষয়ে বদরপুর পুলিশ অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এই ঘটনায় অভিযুক্ত সঞ্জু মালাকার বা তাঁর পরিবারের কোনও সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *