বরাক তরঙ্গ, ১ জুলাই : লায়ন্স ক্লাব অফ শিলচর লায়নেসের ২০২৫-২৬ বর্ষের সভানেত্রী শুভ্রা ভট্টাচার্যের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় শিলচর লিংক রোডে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সময়ে ক্লাবের সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সহযোগিতাকারী ব্যক্তিদেরও সম্মাননা জানানো হয়।
২০২৫-২৬ বর্ষের সভানেত্রী শুভ্রা ভট্টাচার্যের উদ্যোগে সদস্য ও শুভানুধ্যায়ীদের সম্মাননা প্রদান
অনুষ্ঠানে লায়ন অরিন্দম ভট্টাচার্য, লায়ন শঙ্কর ভট্টাচার্য এবং লায়ন শমীন্দ্র পাল সহ লায়ন্স ক্লাব অফ শিলচর লায়নেসের সকল সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের হাতে স্মারক ও উপহার তুলে দিয়ে ক্লাবের কার্যক্রমে তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সভানেত্রী শুভ্রা ভট্টাচার্য।
এছাড়াও ক্লাবের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদেরও উপহার সামগ্রী প্রদান করে বিশেষভাবে সম্মানিত করা হয়। বক্তারা বলেন, সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ২০২৬-২৭ বর্ষের নবনির্বাচিত সভানেত্রী শম্পা দেবরায় ধরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শুভ্রা ভট্টাচার্য্য তাঁর হাতে দায়িত্ব অর্পণ করে আগামী দিনের জন্য শুভকামনা জানান এবং আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে ক্লাব মানবসেবার আদর্শকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নিয়ে যাবে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এসংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সদস্য-সদস্যা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পারস্পরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং সমাজসেবার অঙ্গীকারের মধ্য দিয়ে সম্পন্ন হয়।



