বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জুন : শিলচর-হাফলং জাতীয় সড়কের পাশে অবস্থিত বহুচর্চিত পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট (কাম স্পা)-এর লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করে প্রতিষ্ঠানটি চিরতরে সিল করে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পুলিশের অভিযানে এক নাবালিকাকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় অবৈধ কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ডাঃ জেপি দাসকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
জেলা প্রশাসনের তদন্তে হোটেলটির লাইসেন্স সংক্রান্ত একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ায় লাইসেন্স স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর মঙ্গলবার পুলিশ সুপার (ক্রাইম) রজত কুমার পাল-এর উপস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে হোটেলটি আনুষ্ঠানিকভাবে সিল করে দেওয়া হয়।

এ প্রসঙ্গে পুলিশ সুপার (ক্রাইম) রজত কুমার পাল সংবাদমাধ্যমকে জানান, অবৈধ কার্যকলাপে জড়িত হোটেল, রেস্টুরেন্ট ও স্পা সেন্টারের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। জেলা প্রশাসনের এই পদক্ষেপকে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে।
ক



