কৃত্রিম বন্যা : শ্রীভূমি প্রশাসনের উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দখল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ জুন :
শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে মঙ্গলবার শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোডে ব্যাপক উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। সকাল থেকেই চারটি বুলডোজার নিয়ে শুরু হওয়া এই অভিযানে নালা ও সরকারি জমি দখল করে নির্মিত দোকান, বাড়ির সীমানা প্রাচীর এবং বহুতল ভবনের সামনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সার্কল অফিসার, পুরসভার এক্সিকিউটিভ অফিসার, অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকাজুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

প্রশাসনের দাবি, দীর্ঘদিনের অভিযোগ, একাধিক সমীক্ষা এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের আগেই নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে দখলমুক্ত না করায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

জানা গেছে, বছরের পর বছর নালা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে ব্রজেন্দ্র রোডের নিকাশি ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যেত, আর ভারী বর্ষণে বহু বাড়িতে জল ঢুকে পড়ে কৃত্রিম বন্যার পরিস্থিতি সৃষ্টি হতো। এতে প্রতিবছরই চরম দুর্ভোগে পড়তেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক নাগরিক বৈঠকে শহরের জলাবদ্ধতা নিরসনে ব্রজেন্দ্র রোডের নালা ও সরকারি জমি সম্পূর্ণ দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর প্রশাসনের নির্দেশে জমি ও নালার পরিমাপ এবং সমীক্ষা সম্পন্ন করে অবৈধ দখল চিহ্নিত করা হয়।
সার্কেল অফিসারের বক্তব্য অনুযায়ী, এই অভিযানে প্রায় ৬০টি দোকান, বাড়ির দেয়াল এবং বিভিন্ন ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করা হবে। প্রশাসনের লক্ষ্য শুধু অবৈধ দখল সরানো নয়, বরং নিকাশি ব্যবস্থা সচল করে ভবিষ্যতে জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার সমস্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

যদিও উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত কিছু ব্যবসায়ী ও বাসিন্দার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, তবে জনস্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রশাসন। একই সঙ্গে জানানো হয়েছে, শ্রীভূমি শহরের অন্যান্য এলাকায় সরকারি জমি ও নালা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধেও পর্যায়ক্রমে একই ধরনের অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *