রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৯ জুন : মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল কাছাড় জেলা পুলিশ। জেলার ধলাই থানার অন্তর্গত কুলিছড়া বাজারের একটি ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জুবেল আহমেদ লস্কর (২৪) নামে কুলিছড়া গ্রামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ধলাই থানার একটি বিশেষ দল ওই দোকানে অভিযান চালায়।
অভিযানের সময় সন্দেহভাজন জুবেল আহমেদ লস্করকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দোকানের একটি আলমারি তল্লাশি করে ১০ হাজার সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও একটি অ্যাপল আইফোন ১৩ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধি মেনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইয়াবা ট্যাবলেটগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃত অভিযুক্তকে ধলাই থানায় নিয়ে গিয়ে মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং মাদকের উৎস কোথায়, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



