বরাক তরঙ্গ, ২৮ জুন : ভারতের পোলিও-মুক্ত মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হাইলাকান্দি জেলায় তিনদিনব্যাপী পালস পোলিও টিকাকরণ (পিপিআই) অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। শনিবার এস কে রায় সিভিল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন হাইলাকান্দি সমষ্টির বিধায়ক ডঃ মিলন দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য পরিষেবার যুগ্ম সঞ্চালক। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার গৌরব দত্ত, এস কে রায় সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট, জাতীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য আধিকারিকরা শিশুদের পোলিওর মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত রাখতে ওরাল পোলিও ভ্যাকসিনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, পোলিও-মুক্ত ভারতের গৌরব বজায় রাখতে প্রত্যেক শিশুর টিকাকরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এদিন বিধায়ক ড. মিলন দাস জেলার সকল অভিভাবকের প্রতি আন্তরিক আবেদন জানিয়ে বলেন, পাঁচ বছরের কম বয়সী কোনো শিশুই যেন পোলিও টিকার আওতার বাইরে না থাকে। তিনি প্রত্যেক পিতা-মাতাকে তাঁদের সন্তানদের এই জীবনরক্ষাকারী ভ্যাকসিনের ড্রপ খাওয়ানোর আহ্বান জানান।
জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই বিশেষ টিকাকরণ অভিযান ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে। প্রথম দিনে বুথভিত্তিক টিকাকরণের পাশাপাশি আগামী ২৯ ও ৩০ জুন স্বাস্থ্যকর্মীদের বিশেষ দল বাড়ি বাড়ি গিয়ে টিকাদান কর্মসূচি পরিচালনা করবে, যাতে জেলার কোনও শিশু এই সুরক্ষাকবচ থেকে বঞ্চিত না হয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে, পোলিও নির্মূলে সরকারের এই উদ্যোগকে সফল করতে সকলের সক্রিয় সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ একান্তভাবে প্রয়োজন।



