দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ জুন : বরাক উপত্যকার সার্বিক উন্নয়নে অসম সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের ভবিষ্যৎ গঠনে বিশিষ্ট নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রবিবার কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন। শিলচরের এক হোটেলে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট-এর আয়োজনে অনুষ্ঠিত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এই মন্তব্য করেন।
মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সরকার সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে তিনি মানুষের আস্থা ও উন্নয়নমুখী প্রশাসনের প্রতি সমর্থনের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করেন। কৃষ্ণেন্দু পাল আরও বলেন, বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।
সভায় তিনি উপস্থিত জনসাধারণের মতামত নেওয়ার ওপর জোর দেন এবং বলেন, “এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য মানুষের পরামর্শ গ্রহণ করা। আপনাদের মূল্যবান মতামত আমাদের বরাক উপত্যকার মানুষের আরও ভালোভাবে সেবা করতে সাহায্য করবে।”
মন্ত্রী বলেন, রাজ্যের প্রধান প্রকল্প ‘আত্মনির্ভর অসম’-এর মাধ্যমে অসমকে উত্তর-পূর্ব ভারতের একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (পিএমজিএসওয়াই)-র আওতায় নতুন রাস্তা নির্মাণসহ একাধিক চলমান ও প্রস্তাবিত পরিকাঠামো প্রকল্পের কথাও তুলে ধরেন। শনবিল উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে মাছ উৎপাদন ও রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে—এও তিনি উল্লেখ করেন।

সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে কৃষ্ণেন্দু পাল জানান, জল জীবন মিশনের আওতায় ২০২৮ সালের মধ্যে প্রতিটি পরিবারে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে এবং প্রতিদিন মাথাপিছু ৫৫ লিটার জল সরবরাহের পরিকল্পনা রয়েছে। এছাড়া স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতি আনারও গুরুত্ব তিনি ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায়। তিনি জানান, বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গঠন করা হয়েছে বিভিন্ন সরকারি দফতরের কাজের সমন্বয় ও তদারকি নিশ্চিত করার জন্য, যাতে উন্নয়নমূলক প্রকল্পগুলি সময়মতো বাস্তবায়িত হয়। বরাক উপত্যকার সমস্যাগুলির সমাধানে সরকার কোনো রকম খামতি রাখবে না বলে তিনি আশ্বাস দেন।

কৌশিক রায় শহুরে জলাবদ্ধতা মোকাবিলাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বলেন, খাল ও নিকাশি নালাগুলির ব্যাপক দখলদারির ফলে জলাবদ্ধতা আরও গুরুতর রূপ নিয়েছে, তাই উচ্ছেদ অভিযান অনিবার্য। তিনি জানান, “সময় লাগবে, তবে সমস্ত অবৈধ দখল উচ্ছেদ করা হবে।” শিলচর পুর নিগম নির্বাচন সম্পর্কে কৌশিক রায় জানান, দুর্গাপূজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে ভোটার তালিকা প্রস্তুতির কাজ চলছে। বৃহৎ পরিকাঠমো প্রকল্প হিসেবে তিনি জানান, প্রস্তাবিত শিলচর ফ্লাইওভারের কাজ খুব শিগগিরই শুরু হবে; নির্মাণের পূর্বে পূর্ত (পিডব্লিউডি) দফতরের আধিকারিকরা মাটি পরীক্ষা-সহ প্রাথমিক কাজ শুরু করবেন। পাশাপাশি বীরবল বাজার থেকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (এসএমসিএইচ) পর্যন্ত রাস্তার মেরামতির কাজও অচিরেই শুরু করা হবে।
মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ডাঃ রাজদীপ রায়, কিশোর নাথ, আমিনুল হক লস্কর, কমলাক্ষ দে পুরকায়স্থ, রাজদীপ গোয়ালা এবং অমিয় কান্তি দাস। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, অগপের কাছাড় জেলা সভাপতি নজমুল হক মজুমদার এবং প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অনুষ্ঠানটি বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত সচিব আদিত্য বিক্রম যাদবের তত্ত্বাবধানে আয়োজিত হয়।



