বরাক তরঙ্গ, ২৭ জুন : ত্রিপুরার ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রামে শনিবার সকালে এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মদ্যপ অবস্থায় নিজের দুই সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত লালচুনাওমা ব্রু (৩৪)-কে আটক করে তদন্ত শুরু করেছে গণ্ডাছড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুই শিশু হল ১৩ বছর বয়সী রিশিকা খা হামতি ব্রু এবং ৪ বছরের প্রিহ স্মাইনা ব্রু। তারা অভিযুক্তেরই সন্তান। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শনিবার সকালে মদ্যপ অবস্থায় লালচুনাওমা ব্রুর সঙ্গে তাঁর স্ত্রী রন্টারুং ব্রু (৩২)-র বচসা শুরু হয়। সেই সময় দুই শিশু কান্নাকাটি করলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে একটি কাঠের টুকরো দিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে গণ্ডাছড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে গণ্ডাছড়ার এসডিপিও, থানার ওসি-সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।




