মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ জুন : শ্রীভূমি জেলার পাথারকান্দি কেন্দ্রের পুতনি চা-বাগান এলাকায় এক রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোরে চা-বাগানের একটি সড়কের পাশ থেকে ৫৮ বছর বয়সী বিজয় শুক্লবৈদ্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
মৃত বিজয় শুক্লবৈদ্য পুতনি চা-বাগানের ৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর লাইনের বাসিন্দা ছিলেন। প্রয়াত পঞ্চুয়া শুক্লবৈদ্যের পুত্র বিজয় পেশায় দিনমজুর ছিলেন এবং পাঁচ সন্তানের জনক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে পরিচিত এই ব্যক্তির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কয়েকজন শ্রমিক ও পথচারী চা-বাগানের একটি সেকশন সংলগ্ন সড়কের পাশে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। পরিচয় শনাক্ত হওয়ার পর জানা যায়, মৃত ব্যক্তি বিজয় শুক্লবৈদ্য। ঘটনাস্থলটি তাঁর বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে অবস্থিত।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃতদেহের মাথা ও হাতে একাধিক গভীর আঘাতের চিহ্ন ছিল। রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের একাংশের ধারণা, এটি কোনও দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁকে আক্রমণ করে হত্যা করে এবং পরে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে পুতনি চা-বাগান ও পার্শ্ববর্তী এলাকায় মানুষের ভিড় জমতে শুরু করে। স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভও লক্ষ্য করা যায়। প্রবীণ বাসিন্দাদের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় এমন নৃশংস ঘটনার নজির খুবই বিরল।
ঘটনার তদন্তে বৃহস্পতিবার সকালেই সক্রিয় হয় পুলিশ প্রশাসন। ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান পাথারকান্দির সার্কল অফিসার অদিতি নুনিসা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাথারকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজ্যোতি দেউরি। তদন্তকারী দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার সূত্র খোঁজার চেষ্টা চালায়। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনে কারা জড়িত তা জানতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং মৃতের সাম্প্রতিক গতিবিধি ও ব্যক্তিগত সম্পর্ক সম্পর্কেও তথ্য সংগ্রহ করছে।
এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে। পরিবারের সদস্যদের বক্তব্য, প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।



