বরাক তরঙ্গ, ২৫ জুন : নলবাড়িতে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে নলবাড়ি জেলার বালিতারা এলাকায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। একটি জঙ্গলের মধ্যে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে এক প্রেমিক যুগলের দেহ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একই দড়ি ব্যবহার করে আত্মহত্যা করেছেন তাঁরা।
মৃতদের মধ্যে রয়েছেন ২২ বছর বয়সি উজ্জ্বল কলিতা এবং এক ১৬ বছর বয়সি কিশোরী। স্থানীয় সূত্রে খবর, গত প্রায় এক বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
পরিবারের সদস্যদের দাবি, বুধবার রাত প্রায় ১২টার পর থেকেই নিখোঁজ ছিলেন উজ্জ্বল এবং ওই কিশোরী। রাতভর খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে মাঠে গরু নিয়ে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা একটি গাছ থেকে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপরই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গিয়েছে, উজ্জ্বল কলিতার বাড়ি নলবাড়ির বালিপাড়া এলাকায় এবং কিশোরীর বাড়ি রঙ্গাবালি গ্রামে। কিশোরী দশম শ্রেণির ছাত্রী ছিলেন। অন্যদিকে, উজ্জ্বল স্থানীয় একটি মুদির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
বুধবার রাতে দোকান বন্ধ করার পর মালিকের বাড়িতে খাবার খেয়ে বাড়ি ফেরেন উজ্জ্বল। পরে গভীর রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান বলে পরিবারের দাবি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা নলবাড়ি জেলাজুড়ে।



