বরাক তরঙ্গ, ২৪ জুন : “ঘরে ঘরে গঙ্গা—নির্মল গঙ্গা” এই মূল ভাবনাকে সামনে রেখে গঙ্গা সমগ্র, অসম প্রান্ত, হাইলাকান্দি জেলার উদ্যোগে বুধবার সন্ধ্যায় হাইলাকান্দিতে প্রথমবারের মতো মহিমান্বিত গঙ্গা আরতির আয়োজন করা হয়।
রামনারায়ণ ট্যাঙ্ক রোডে সারদা সংঘের পাশের রামনারায়ণ পুকুর প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি, প্রদীপ প্রজ্বলন ও ভক্তিময় পরিবেশে মা গঙ্গার আরতি সম্পন্ন হয়। এদিন বহু মহিলা রামনারায়ণ পুকুরে প্রদীপ প্রজ্বলন করে তা জলে ভাসিয়ে দেন। এই মনোমুগ্ধকর দৃশ্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং গোটা পরিবেশ এক আধ্যাত্মিক আবহে ভরে ওঠে।
অনুষ্ঠানে আবালবৃদ্ধবনিতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ভক্তরা মা গঙ্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি নদী, পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার অঙ্গীকার গ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গঙ্গা সমগ্র হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রেরণায় পরিচালিত একটি সর্বভারতীয় জনজাগরণ অভিযান। এর মূল লক্ষ্য গঙ্গা ও তার উপনদীগুলিকে অবিরল ও নির্মল রূপে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং নদী-প্রকৃতি সংরক্ষণে জনসচেতনতা গড়ে তোলা।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল ভক্ত, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজকরা। তাঁদের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই হাইলাকান্দিতে প্রথম গঙ্গা আরতি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।



