বরাক তরঙ্গ, ২৩ জুন : যুবসমাজকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে অবহিত করার লক্ষ্যে রাধামাধব কলেজে “দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা (ডিডিইউ-জিকেওয়াই) ও আরসেটি” বিষয়ক এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার আসাম সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধীন আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশন (এএসআরএলএম)-এর কাছাড় জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট (ডিএমএমইউ)-এর উদ্যোগে এবং রাধামাধব কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), প্লেসমেন্ট ও ক্যারিয়ার গাইডেন্স সেল এবং স্কিল ডেভেলপমেন্ট (সেল্ফ ফাইন্যান্সিং) সেলের সহযোগিতায় কলেজ কনফারেন্স হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কলেজের প্রায় ৯০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তারা ডিডিইউ-জিকেওয়াই প্রকল্পের আওতায় প্রদত্ত বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য লাভ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড. অরুন্ধতী দত্ত চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ডিডিইউ-জিকেওয়াই প্রকল্পের অধীনে পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি রাজ্যের যুবসমাজকে কর্মসংস্থান ও আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি শিক্ষার্থীদের এই সুযোগগুলির সদ্ব্যবহার করে নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সূচনায় স্বাগত ভাষণ প্রদান করেন কলেজের আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. রাহুল শরণিয়া। তিনি শিক্ষার্থীদের ডিডিইউ-জিকেওয়াই প্রকল্পের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী বিকল্প কর্মজীবনের সম্ভাবনা অন্বেষণের পরামর্শ দেন।

এদিনের অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এএসআরএলএম-এর জেলা কার্যনির্বাহী বিশেষজ্ঞ (ডিএফআর), স্কিলস অ্যান্ড প্লেসমেন্ট, শ্রী আর. কে. বিরজিৎ সানা; শিলচর ব্লকের ব্লক কো-অর্ডিনেটর (স্কিলস) মোঃ আনসার গনি চৌধুরী এবং রাজাবাজার ব্লকের ব্লক কো-অর্ডিনেটর (স্কিলস) শ্রীমতী পুনম কৈরী।
আরকে বিরজিৎ সানা একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ডিডিইউ-জিকেওয়াই প্রকল্পের উদ্দেশ্য, যোগ্যতার মানদণ্ড, প্রশিক্ষণ ব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ এবং নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তাঁর ইন্টারঅ্যাক্টিভ উপস্থাপনা শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করে। পরবর্তীতে আনসার গনি চৌধুরী তাঁর বক্তব্যে ব্যক্তিগত পছন্দ ও যোগ্যতার ভিত্তিতে কর্মজীবন নির্বাচন করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের জানান, কীভাবে আগ্রহী প্রার্থীরা এএসআরএলএম-এর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ডিডিইউ-জিকেওয়াই প্রকল্পের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে নাম নথিভুক্ত করতে পারেন।

অনুষ্ঠানের সমাপ্তিতে ধন্যবাদজ্ঞাপন করেন রাধামাধব কলেজের প্লেসমেন্ট ও ক্যারিয়ার গাইডেন্স সেলের কনভেনর ড. বিধান বর্মন। তিনি এএসআরএলএম-এর প্রতিনিধিবৃন্দ, কলেজ প্রশাসন, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা ও সমন্বয় করেন রাধামাধব কলেজের স্কিল ডেভেলপমেন্ট (সেল্ফ ফাইন্যান্সিং) সেলের কনভেনর ড. স্বর্ণালী রায়চৌধুরী।

উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. দেবাশিস রায়, ড. জীবন দাস, ড. রূপম রায়, ড. নবনীতা দেবনাথ, ড. আশিস তরু রায়, ড. পিয়া দাস, ড. সন্তোষ বরা, ড. সূর্যসেন দেব, নম্রতা নাথ, শাবনাম সারংসা, কমলেশ দাস, সাজেদুল আলম বড়ভূইয়া সহ কলেজের অন্যান্য শিক্ষক, অশিক্ষক ও গ্রন্থাগার কর্মীবৃন্দ।



