বরাক তরঙ্গ, ২৩ জুন : মঙ্গলবার অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির নির্ধারিত অসম সফর বাতিল হয়েছে। তবে জাপানি বিনিয়োগকারীদের সম্মেলন পূর্বনির্ধারিত সময়েই অসমে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে জাপানের প্রধানমন্ত্রীর তিন দিনের অসম সফরকে কেন্দ্র করে রাজ্য সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল। এ উপলক্ষে একাধিক মন্ত্রীকে নিয়ে বিভিন্ন কমিটি গঠন করা হয় এবং গুয়াহাটি মহানগরীর সৌন্দর্যায়ন ও অন্যান্য প্রস্তুতির কাজও জোরকদমে চলছিল। কিন্তু শেষ মুহূর্তে সফরটি বাতিল হয়ে যায়।
তিনি জানান, সোমবার রাতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি অসমের মুখ্য সচিবকে অবহিত করেন যে বিশেষ কারণে জাপানের প্রধানমন্ত্রী এবার অসমে আসছেন না। তাঁর সফরসূচি শুধুমাত্র নয়াদিল্লিতে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি ভবিষ্যতে জাপানি ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলকে অসমে নিয়ে আসার জন্য পৃথকভাবে একটি তারিখ নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।
সফর বাতিলের কারণ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে রাজ্য সরকারকে কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। কূটনৈতিক প্রোটোকলের কারণে সরাসরি কারণ জানতে চাওয়াও সম্ভব নয়। তবে পরবর্তীতে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বিষয়টি জানার চেষ্টা করবেন বলে উল্লেখ করেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “এটি আমাদের জন্য নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। ২০১৯ সালেও এমন একটি সফর বাস্তবায়িত হয়নি। এবারও গত এক মাস ধরে জাপানি দূতাবাসের কর্মকর্তারা অসমে অবস্থান করে সফরের সমস্ত প্রস্তুতি পর্যালোচনা করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বাতিলের খবর আসে।”
তবে সফর বাতিল হলেও গুয়াহাটির চলমান সৌন্দর্যায়নের কাজ বন্ধ হবে না বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সাধারণ উন্নয়নমূলক কাজ চলতে থাকবে, তবে শুধুমাত্র অতিথির আগমনকে কেন্দ্র করে নেওয়া অতিরিক্ত প্রস্তুতিগুলি আর করা হবে না।



