কইয়া চা-বাগানে মিলন দাসকে সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা

Spread the news

বরাক তরঙ্গ, ২২ জুন : বরাক ভ্যালি চা ও প্রাক্তন চা-জলহা সুরক্ষা মঞ্চ, অসমের হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে কইয়া চা বাগানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বিধায়ক ড. মিলন দাসকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে জলহা সমাজের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী কুতুব উদ্দিন আনসারি বলেন, মিলন দাস একজন সাধারণ ও মাটির মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং এলাকার সামগ্রিক উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা ও দূরদর্শী নেতৃত্ব তাঁকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতার জন্য তিনি সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী কইয়া চা বাগানের শিক্ষার্থীদেরও সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বিধায়ক মিলন দাসের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন সানভি পান্ডে (স্টার হোল্ডার), সানিয়া বেগম আনসারি, আইসা বেগম, প্রিয়া কুর্মি, নিকিতা দুশাদ, রাধিকা রাজুয়ার, রোহিত নুনিয়া (স্টার হোল্ডার) এবং রিয়া দুশাদ। শিক্ষার্থীদের এই স্বীকৃতি তাদের মধ্যে নতুন উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে অনুষ্ঠানে মত প্রকাশ করা হয়। সংবর্ধনার জবাবে মিলন দাস জলহা সমাজের আন্তরিকতা, সৌহার্দ্য ও ঐক্যবদ্ধ উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের আহ্বান জানান এবং শিক্ষার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালা মণ্ডলের সভাপতি অভিজিৎ আচার্য, যুব নেতা রমেশ বড়াই, মণ্ডল সম্পাদক শিব নিয়া, চা মোর্চার সম্পাদক রাজু রবিদাস এবং প্রাক্তন মণ্ডল সভাপতি বংশীধর কর্মী। এছাড়াও বরাক ভ্যালি চা ও প্রাক্তন চা-জলহা সুরক্ষা মঞ্চের শ্রীভূমি, কাছাড় ও হাইলাকান্দি জেলার কর্মকর্তাবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে কইয়া চা বাগানের আনোয়ার হোসেন, জমির আনসারী, পাপু আনসারি ও হায়দর আনসারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি কালাছড়া চা-বাগানের শেখ আনসারী ও শামসুদ্দিন আনসারী এবং বর্নি ব্রিজ চা বাগানের আব্বাস উদ্দিনসহ বহু সমাজপ্রেমী ব্যক্তি ও শুভানুধ্যায়ী সার্বিক সহযোগিতা করেন। আয়োজক কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *