বরাক তরঙ্গ, ২১ জুন : সর্বভারতীয় গণিতভিত্তিক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে শিলচর তথা সমগ্র বরাক উপত্যকার মুখ উজ্জ্বল করা কৃতী ছাত্র অরিন্দম সী-কে সংবর্ধনা জানানো হয়েছে। রবিবার সন্ধ্যায় শিলচরে দৈনিক ‘সাময়িক প্রসঙ্গ’-এর কার্যালয়ে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বদর উদ্দিন বড়ভূইয়া অরিন্দমকে এই সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ‘সাময়িক প্রসঙ্গ’-এর সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, পত্রিকার অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উত্তরীয় পরিয়ে অরিন্দম সী-কে সম্মানিত করার পাশাপাশি তাঁর হাতে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। সেই সঙ্গে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান আয়োজক বদর উদ্দিন বড়ভূইয়া।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বদর উদ্দিন বড়ভূইয়া বলেন, অরিন্দমের এই সাফল্য শুধু তাঁর পরিবারের নয়, সমগ্র কাছাড় জেলা ও বরাক উপত্যকার গর্বের বিষয়। তাঁর এই কৃতিত্ব আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাঁদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বদর উদ্দিন বড়ভূইয়ার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর পুত্র আব্দুল হামিদ বড়ভূইয়া। উল্লেখ্য, হামিদও চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে প্রশংসিত হয়েছেন। এসময় দৈনিক ‘সাময়িক প্রসঙ্গ’-এর সম্পাদক তৈমুর রাজা চৌধুরী বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যদি মেধাবী শিক্ষার্থীদের এভাবে সম্মান ও উৎসাহ প্রদান করেন, তাহলে শিক্ষাক্ষেত্রে আরও ইতিবাচক পরিবেশ তৈরি হবে এবং নতুন প্রজন্ম বড় সাফল্যের স্বপ্ন দেখতে উৎসাহিত হবে।
সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত অরিন্দম সী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ভবিষ্যতেও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জনের চেষ্টা চালিয়ে যাবেন এবং সকলের আশীর্বাদ কামনা করেন।
উল্লেখ্য, অরিন্দম সী-র বাবা উত্তমকুমার সী দৈনিক ‘সাময়িক প্রসঙ্গ’-এর বার্তা সম্পাদক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্রিকার সিনিয়র সাব-এডিটর বিকাশ চক্রবর্তী, মিলন উদ্দিন লস্কর, রাফিউল আলম লস্কর, পিন্টু নাথসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা।



