মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২১ জুন : রাজ্য মন্ত্রিসভায় দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজের নির্বাচনী কেন্দ্র পাথারকান্দিতে পৌঁছাতেই অভূতপূর্ব গণসংবর্ধনায় সিক্ত হলেন নবনিযুক্ত মন্ত্রী ও টানা তিনবারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল। রবিবার সকাল থেকেই চেরাগি থেকে হাতিখিড়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকা উৎসবের রূপ ধারণ করে। হাজার হাজার মানুষ রাস্তার দু’ধারে ভিড় জমিয়ে জনপ্রতিনিধিকে স্বাগত জানান।

শঙ্খধ্বনি, করতাল, ব্যান্ড পার্টির সুর, বাজি-পটকার শব্দ এবং ফুলের বৃষ্টিতে মুখর হয়ে ওঠে সমগ্র জনপদ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে একাধিক স্থানে মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়। চেরাগি রাজস্থান হোটেলের সামনে প্রথম আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ফুলের তোড়া, উত্তরীয় ও গামছা পরিয়ে তাঁকে বরণ করে নেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
পরবর্তীতে কৃষ্ণেন্দু পাল ঐতিহ্যবাহী কানাইলাল জিউ আশ্রমে গিয়ে পূজা-অর্চনা করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। এরপর হুড খোলা গাড়িতে চড়ে জনতার শুভেচ্ছা গ্রহণ করতে করতে পাথারকান্দি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষ ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে তাঁকে অভিনন্দন জানান। উত্তর রেলগেট থেকে শুরু হওয়া বিশাল শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে

দিনের শেষ পর্যায়ে সোনাখিরায় অনুষ্ঠিত এক বৃহৎ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাথারকান্দির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও আশীর্বাদই আমার সবচেয়ে বড় শক্তি। এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আগামী দিনেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
স্থানীয়দের মতে, পাথারকান্দির রাজনৈতিক ইতিহাসে এত বৃহৎ ও স্বতঃস্ফূর্ত গণসংবর্ধনার নজির বিরল। জনতার বিপুল অংশগ্রহণ ও উচ্ছ্বাসে দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সকলেই।



