এআই নজরদারি, জ্যামার ও বন্ধ টেলিগ্রাম! নিট পুনঃপরীক্ষায় নজিরবিহীন কড়া নিরাপত্তা এনটিএ-র

Spread the news

২১ জুন : দেশজুড়ে অনুষ্ঠিত নিট-ইউজি পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলি। পূর্ববর্তী পরীক্ষার বিতর্ক থেকে শিক্ষা নিয়ে এবার কোনওরকম খামতি রাখতে রাজি নয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। রবিবার দুপুর ২টো থেকে বিকেল ৫.১৫ মিনিট পর্যন্ত চলা এই প্রবেশিকা পরীক্ষায় দেশজুড়ে প্রায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

পরীক্ষা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ফেরাতে এনটিএ এক বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রে প্রায় ১৩.৮ লক্ষ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া রয়েছে বায়োমেট্রিক ভেরিফিকেশন, কঠোর তল্লাশি এবং সিগন্যাল জ্যামার। এই প্রথমবার কোনও জাতীয় স্তরের পরীক্ষায় লাইভ সিসিটিভি ফুটেজ রিয়েল-টাইমে খতিয়ে দেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। এমনকি সংবেদনশীল এলাকাগুলিতে পরীক্ষার অত্যন্ত গোপনীয় সামগ্রী নিরাপদে পৌঁছে দিতে আসরে নেমেছে ভারতীয় বিমানবাহিনী (IAF)।

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় প্রশ্নফাঁসের ভুয়ো রটনা ও গুজব রুখতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী ২২ জুন পর্যন্ত পুরো ভারতে সাময়িকভাবে ব্লক করে দেওয়া হয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’। সাইবার অপরাধ শাখা এবং গোয়েন্দা সংস্থাগুলি সোশ্যাল মিডিয়ার ওপর কড়া নজরদারি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *