বরাক তরঙ্গ, ২০ জুন : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে গৌহাটি হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটির এক জরুরি সভা শনিবার বিকেল শিলচরের নজিরপট্টিস্থ রূপম ক্লাব হাউসে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ধ্রুবকুমার সাহার সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজকর্মী নিখিল পালকে কমিটির সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়। একই সঙ্গে অনির্বাণ ভৌমিককে যুগ্ম সম্পাদক, সায়ন চক্রবর্তীকে প্রচার সম্পাদক এবং শিক্ষাবিদ প্রফেসর বিশ্বতোষ চৌধুরীকে কমিটির উপদেষ্টা পদে মনোনীত করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্তদের অন্তর্ভুক্তির মাধ্যমে আন্দোলনকে আরও গতিশীল ও সর্বস্তরে বিস্তৃত করার লক্ষ্যে কমিটিকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিনের সভায় কমিটির প্রস্তুতকৃত ভিশন ডকুমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, স্থায়ী ব্যাঞ্চ প্রতিষ্ঠার দাবিতে চলমান গণস্বাক্ষর অভিযানকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সেই লক্ষ্যে আগামী দিনে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় গণস্বাক্ষর অভিযান জোরদার করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
এছাড়াও আগামী সপ্তাহের মধ্যে আসাম বিশ্ববিদ্যালয় এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থী, শিক্ষক ও বুদ্ধিজীবী মহলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলার বিষয়েও সভায় গুরুত্ব সহকারে আলোচনা হয়।
সভায় উপস্থিত সদস্যরা অভিমত ব্যক্ত করেন, বারাক উপত্যকা ও ডিমা হাসাও জেলার লক্ষাধিক মানুষের দ্রুত, সহজ ও সাশ্রয়ী বিচারপ্রাপ্তির স্বার্থে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ সময়ের দাবি। এই দাবিকে গণআন্দোলনের রূপ দিতে আগামী দিনে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।



