বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জুন : শিলচরের ইটখোলা বিজেপির জেলা কার্যালয়ে শনিবার নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক রাজদীপ গোয়ালা, অমিয়কান্তি দাস, প্রাক্তন বিধায়ক দিলীপকুমার পালসহ দলের বহু নেতা-কর্মী।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম শিলচর সফর। তিনি শিলচরকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি জানান, আগামী জুলাই মাসের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রীর আসাম সফরের সম্ভাবনা রয়েছে এবং সেই লক্ষ্যে প্রস্তুতি চলছে। এছাড়াও দুর্গাপূজার আগেই শিলচর পুর নিগম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মন্ত্রী হওয়ার পর শিলচরই তাঁর প্রথম সফরস্থল। তিনি ২০২৮ সালের মধ্যে প্রতিটি পরিবারে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া, স্বচ্ছ ভারত মিশনের কার্যক্রম আরও জোরদার করা এবং অসমকে প্লাস্টিকমুক্ত রাজ্যে পরিণত করার লক্ষ্যের কথা তুলে ধরেন। পাশাপাশি বরাক উপত্যকার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, বরাক উপত্যকা থেকে দুই মন্ত্রী রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়ায় কাছাড়সহ সমগ্র বরাক অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আগামী দিনে আরও গতিশীল হবে।



