২০ জুন : বিশ্বকাপে জয়ের পথে ফিরল ব্রাজিল। হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের পাশাপাশি হারানো আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে কার্লো অ্যান্সেলত্তির দল। জোড়া গোল করে ম্যাচের নায়ক হন ম্যাথিউস কুনহা, আর এক গোল ও দুই অ্যাসিস্টে দারুণ পারফরম্যান্স দেখান ভিনিসিয়াস জুনিয়র।
মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর চাপে থাকা ব্রাজিল শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ২৩ মিনিটে কুনহার গোলে এগিয়ে যাওয়ার পর ভিনিসিয়াসের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধের শেষদিকে নিজেও গোল করে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ভিনিসিয়াস।
দ্বিতীয়ার্ধে আর কোনও গোল না হলেও একাধিক সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে গোলরক্ষক ও রক্ষণভাগের বাধায় ব্যবধান বাড়াতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে বিশ্বকাপে পরের ম্যাচের আগে অনেকটাই স্বস্তিতে থাকল অ্যান্সেলত্তির শিবির।



