সোনাইয়ে ধানের বীজ বিতরণ, কৃষকদের উন্নয়নে জোর বিধায়ক আমিনুল হকের

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৮ জুন : কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং দেশের মেরুদণ্ড। কৃষকদের কঠোর পরিশ্রমের ফলেই দেশে খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে এবং সেই উৎপাদিত ফসল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা হচ্ছে। বৃহস্পতিবার সোনাই কৃষি বিভাগের কার্যালয়ে আয়োজিত ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিধায়ক আমিনুল হক লস্কর।

তিনি কৃষকদের প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য কৃষি বিভাগের আধিকারিকদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান। পাশাপাশি কৃষকদের কল্যাণে সরকার পরিচালিত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় এসডিও জয়নাল আবেদিন কৃষকদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি প্রধানমন্ত্রীর ‘খেত বাঁচাও’ অভিযানের স্লোগানকে বাস্তবে রূপ দিতে কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে কৃষি বিভাগের পক্ষ থেকে বেশ কয়েকজন প্রগতিশীল কৃষকের হাতে উন্নতমানের ধানের বীজ তুলে দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কিষান কংগ্রেসের সভাপতি বাবুল আহমদ বড়ভূইয়া, ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমদ লস্কর, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এম বিরমোহন সিনহা, আলম হোসেন চৌধুরীসহ কৃষি বিভাগের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *