বরাক তরঙ্গ, ১৬ জুন : মরিগাঁও জেলার চরাইবাহী কাহীবাড়ি এলাকা থেকে একই পরিবারের এক মা ও পাঁচ শিশু-কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত শনিবার থেকে ওই ছয়জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তাঁদের সন্ধান পাননি।
পরিবারের দাবি, সোমবার অরুণাচল প্রদেশের একটি ফোন নম্বর থেকে নিখোঁজদের পক্ষ থেকে বাড়িতে যোগাযোগ করা হয়। তবে এরপর আর কোনও তথ্য মেলেনি।
ঘটনার পর উদ্বিগ্ন পরিবারের সদস্যরা পুলিশের অপেক্ষা না করে অরুণাচল প্রদেশের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে। এদিকে, বিষয়টি নিয়ে ইতিমধ্যে মিকিরভিটা থানায় একটি এজাহার দাখিল করেছে পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালাচ্ছে।



