১৬ জুন : প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকান থেকে আর কোনও রকমের সিরাপই কেনা যাবে না। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, কাশির সিরাপও এই নির্দেশিকার আওতায় পড়বে। অর্থাৎ, নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে নিয়ে গেলে তবেই এই ধরনের সিরাপ কিনতে পারবেন গ্রাহকেরা।
গত জুন মাসে ‘ড্রাগস (পঞ্চম সংশোধন) নিয়ম, ২০২৬’-এর অধীনে এই বিষয়টি সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে। সেখানে জানানো হয়েছিল, এই নির্দেশিকা সরকারি গেজেটে প্রকাশ দিন থেকেই কার্যকর হবে দেশ জুড়ে। সেই মতো মঙ্গলবার থেকে এই নিয়ম কার্যকর হলো।
বাজারে যে সব ওষুধের বিক্রিতে সেই অর্থে কোনও শর্ত থাকে না, যা সহজেই কেনা যায় ওষুধের দোকান থেকে, সেই সব ওষুধের তালিকা থেকে সিরাপ শব্দটি বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার ফলেই প্রেসক্রিপশন ছাড়া যে কোনও ধরনের সিরাপ কেনাই এখন সম্পূর্ণ বেআইনি।
গত কাশির সিরাপ নিয়ে দেশ জুড়ে বিতর্ক হয়েছিল। মধ্যপ্রদেশের অন্তত ২২ শিশুর মৃত্যুর ঘটনার পরেই সেই বিতর্ক তৈরি হয়। রাজ্যে রাজ্যে তদন্তও চলে। নির্দিষ্ট ওষুধ সংস্থার ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়। ভারতে দুই বছরের কম বয়সি শিশুদের জন্য সমস্ত কাশি এবং সর্দি-কাশির ওষুধ নিষিদ্ধও করা হয় দেশে। এ বার সব ধরনের সিরাপের ক্ষেত্রেই কড়াকড়ির সিদ্ধান্ত নিল কেন্দ্র।



