শিলচর স্পোর্টিং ক্লাবের গ্রেনাইট জুবিলি উদযাপনের বর্ণাঢ্য সূচনা

Spread the news

দীপ দেব, শিলচর। 
বরাক তরঙ্গ, ১৫ জুন : প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে বরাক উপত্যকার অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাবের গ্রেনাইট জুবিলি তথা ৯০তম বর্ষ উদযাপনের সূচনা রবিবার ক্লাবের নিজস্ব মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বর্ষব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ক্লাবের সভাপতি ড. অনুপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ ও স্বামী গুণাতীতানন্দজি মহারাজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, শিক্ষাবিদ বিশ্বতোষ চৌধুরী, ক্রীড়া সংগঠক বাবুল হোড়, দেবাশিস সোম, চন্দন শর্মা এবং ক্লাবের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খানসহ রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া জগতের বহু বিশিষ্ট ব্যক্তি।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য ও সংগীতের বর্ণিল উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি আয়োজিত মহিলাদের প্রদর্শনী ফুটবল ম্যাচ ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে এবং অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে কাছাড় জেলার দুইজন সর্বাধিক রক্তদাতাকে সংবর্ধনা জানানো হয়। একইসঙ্গে ক্রীড়াক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে চারজন প্রাক্তন ফুটবলারকেও সম্মাননা প্রদান করা হয়। সমাজসেবা ও খেলাধুলার উন্নয়নে তাঁদের উল্লেখযোগ্য ভূমিকার জন্য আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ক্লাব সূত্রে জানা গেছে, গ্রেনাইট জুবিলি উদযাপনকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে পাঠচক্র, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হবে। ৯০ বছরের গৌরবময় ঐতিহ্যকে স্মরণীয় করে তুলতে এবং ক্রীড়া-সংস্কৃতির বিকাশে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *