সেল্ফি তুলতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়া স্কুল পড়ুয়ার দেহ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ জুন : বরাক নদীতে তলিয়ে যাওয়া নরসিং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র অঙ্কিত চক্রবর্তীর মৃতদেহ রবিবার উদ্ধার করেছে পুলিশ। ভাঙ্গারপাড় সংলগ্ন বুড়িবাইল এলাকায় নদীর জলে তার নিথর দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

উল্লেখ্য, গত শুক্রবার স্কুল চলাকালীন সময়ে অঙ্কিত চক্রবর্তী দুই সহপাঠীকে নিয়ে শহরের মালুগ্রাম এলাকার স্টিমারঘাট রোড সংলগ্ন রহমানপট্টির বিপরীত দিকে বরাক নদীর তীরে যায়। সেখানে একটি ঢালু নদীতীরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।

অঙ্কিতের সঙ্গে থাকা দুই সহপাঠীর বয়ান অনুযায়ী, সেলফি তোলার সময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় সে। প্রবল স্রোতে মুহূর্তের মধ্যে তলিয়ে যায় অঙ্কিত। খবর পেয়ে উদ্ধারকারী দল ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হলেও প্রথমে তার কোনো সন্ধান মেলেনি।

অবশেষে ঘটনার দুই দিন পর রবিবার ভাঙ্গারপাড়ের বুড়িবাইল এলাকায় নদীর জলে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। এই মর্মান্তিক ঘটনায় পরিবার, সহপাঠী ও বিদ্যালয় মহলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *