মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে নিউ শিলচরে সংখ্যালঘু মোর্চার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সেবামূলক, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ১২ বছর পূর্তি উপলক্ষে শনিবার নিউ শিলচরে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচির আয়োজন করে বিজেপি সংখ্যালঘু মোর্চা। কাছাড় জেলা বিজেপির নির্দেশনায় নিউ শিলচর মণ্ডল বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিলচর এপিডিসিএল অফিস চত্বর এবং কাঁঠাল পয়েন্ট এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি পরিবেশকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারও চালানো হয়। আয়োজকদের পক্ষ থেকে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং জনস্বাস্থ্য রক্ষায় সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিউ শিলচর মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি সজল উদ্দিন লস্কর, এনামুল লস্কর, মুন্না লস্কর, অলকা দাস, আব্দুল আহাদ, সুকান্ত পালসহ সংগঠনের অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। তাঁদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত, সুস্থ ভারত’ ভাবনাকে বাস্তবায়িত করতে পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ, সচেতন ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে সমাজের প্রতিটি স্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন বলেও তাঁরা উল্লেখ করেন। ভবিষ্যতেও জনস্বার্থে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *