কম ছাত্রছাত্রী থাকা সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা এআইডিএসও-র

Spread the news

বরাক তরঙ্গ, ১২ জুন : ত্রিশ জনের কম ছাত্রছাত্রী থাকা সরকারি স্কুলগুলো বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল এআইডিএসও’র আসাম রাজ্য কাউন্সিল। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয় যে আসামের ৮ হাজার সরকারি স্কুল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।  এআইডিএসও’র পক্ষ থেকে গভীর উদ্বেগের সাথে অভিমত ব্যক্ত করা হয় যে যেখানে সাধারণ মানুষের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং তার পরিকাঠামো উন্নত করা সরকারের প্রাথমিক দায়িত্ব ও কর্তব্য, সেখানে উল্টো পথ অবলম্বন করেছে রাজ্য সরকার। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে সরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাওয়ার আসল কারণ সরকারের নীতিগত ব্যর্থতা। ২০০৯ সালে শিক্ষা অধিকার আইন প্রণয়ন করে অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি স্কুলগুলোতে পাস ফেল প্রথা তুলে দেওয়া হয়।

তাছাড়া রাজ্যের বেশিরভাগ সরকারি স্কুলে রয়েছে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের অভাব এবং এর পাশাপাশি কর্মরত শিক্ষকদের অশিক্ষক ও অন্যান্য বিভিন্ন সরকারি কাজে যুক্ত করে দেওয়ার ফলে পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং অভিভাবকরা বাধ্য হয়ে সন্তানদের অন্য স্কুলে পাঠাচ্ছেন। এমতাবস্থায় স্কুলগুলোতে উন্নত শৈক্ষিক পরিবেশ গড়ে তোলার দায়িত্ব  এড়িয়ে গিয়ে রাজ্য সরকার সরকারি স্কুলগুলো বন্ধ করছে। এর ফলে গরিব ঘরের ছেলে মেয়েদের শিক্ষার আলোক থেকে বঞ্চিত করা হবে। সংগঠনের পক্ষ দাবি জানানো হয় স্কুল বন্ধের এই জনবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে, শূন্যপদে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে এবং পরিকাঠামো উন্নত করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে। সরকারি স্কুল বন্ধের এই চূড়ান্ত শিক্ষাবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে রাজ্যজুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলতে রাজ্যের সচেতন নাগরিক ও ছাত্র ছাত্রীদের প্রতি ছাত্র সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *