১২ জুন : ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে নতুন করে আশার সঞ্চার হলেও ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট মতপার্থক্য সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্ব একটি শান্তি প্রস্তাবে সম্মতি দিয়েছে এবং আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুমোদন করেছে। তবে ইরান জানিয়েছে, এখনও কোনও চূড়ান্ত চুক্তি অনুমোদিত হয়নি এবং আলোচনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
ইরানের ফারস সংবাদ সংস্থার এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে কোনো লিখিত খসড়া এখনো আনুষ্ঠানিক অনুমোদন পায়নি। তবে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
অন্যদিকে, তাসনিম নিউজ এজেন্সি ট্রাম্পের ঘোষণাকে সতর্কতার সঙ্গে মূল্যায়নের আহ্বান জানিয়েছে। সংস্থাটির দাবি, অতীতেও মার্কিন প্রেসিডেন্ট এ ধরনের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেগুলোর বাস্তবায়ন দেখা যায়নি। তাই ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এ ধরনের খবরের সত্যতা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, ইরানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ইরান তার নির্ধারিত ‘রেড লাইন’ থেকে কোনও অবস্থাতেই সরে আসবে না।
ফলে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাবাদের পরিবেশ তৈরি হলেও উভয় পক্ষের অবস্থানের পার্থক্য দূর না হওয়া পর্যন্ত চূড়ান্ত সমঝোতা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।



