স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ খুন, হোজাইয়ে চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুন : হোজাই জেলার পূর্ব ধনিরাম পাথার এলাকায় স্বামীর হাতে এক গৃহবধূ খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূর নাম সুজেদা বেগম। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আব্দুল করিম পলাতক রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরেই এই নৃশংস ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অভিযোগ, আব্দুল করিম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সুজেদা বেগমের ওপর হামলা চালান। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের দাবি, আব্দুল করিম স্ত্রীকে সঙ্গে নিয়ে কেরলে যেতে চেয়েছিলেন। তবে সন্তানদের পড়াশোনা ও দেখাশোনার কথা ভেবে সুজেদা বেগম বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন। এই বিষয়কে কেন্দ্র করে দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। বুধবার রাতেও তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফিরে আব্দুল করিম স্ত্রীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুজেদা বেগম। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে হোজাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে পূর্ব ধনিরাম পাথার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *