পাথারকান্দি ও কাটিগড়ায় মব লিঞ্চিংয়ের ঘটনায় আহত তিন যুবকের খোঁজ নিয়ে আর্থিক সহায়তা আহলে সুন্নতের

Spread the news

বরাক তরঙ্গ, ১০ জুন : পাথারকান্দির নালুগাঁওয়ে সংঘটিত মব লিঞ্চিংয়ের ঘটনায় আহত দুই যুবক ইসলাম উদ্দিন ও আমির উদ্দিনের স্বাস্থ্যের খোঁজ নিল উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি প্রতিনিধিদল। বুধবার সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাতের নেতৃত্বে প্রতিনিধিদল শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। একইসঙ্গে কাটিগড়ায় গণপিটুনির শিকার হয়ে চিকিৎসাধীন যুবক ইমরান হোসেনের অবস্থারও খোঁজ নেন প্রতিনিধিদলের সদস্যরা। তাঁরা আহতদের ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

ঘটনা দু’টির প্রতি গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে মওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন কাছাড় জেলা আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মওলানা নাজির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমেদ বড়ভূইয়া, মওলানা শাহ আলম বড়ভূইয়া, হাফিজ গিয়াস উদ্দিন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *