দিদির সঙ্গ ছাড়লেন সুস্মিতা, সাক্ষাৎ হিমন্তর সঙ্গে

Spread the news

বরাক তরঙ্গ, ১০ জুন : দিদির সঙ্গ ছাড়লেন সুস্মিতা দেব। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এর ফলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তৃণমূলের দ্বিতীয় রাজ্যসভার সাংসদের পদত্যাগের ঘটনা সামনে এল। এর আগে প্রবীণ নেতা সুখেন্দুশেখর রায় দল এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতাকে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন।

এ দিকে, দিল্লিতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মার সঙ্গে সাক্ষাৎ করেন সুস্মিতা দেব।বিজেপি থেকে রাজ্যসভা যাওয়ার সম্ভাবনা সুস্মিতার। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে মতভেদ এবং গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা ক্রমশ বাড়ছিল। সুখেন্দু শেখর রায়ের পদত্যাগের পর থেকেই দলের সাংসদদের একাংশের অসন্তোষ নিয়ে নানা আলোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে সুস্মিতা দেবের পদত্যাগ তৃণমূলের জন্য নতুন করে অস্বস্তির কারণ হয়ে উঠেছে।

বরাক উপত্যকার পরিচিত রাজনৈতিক মুখ সুস্মিতা দেব একসময় কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন। ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং পরে দলের হয়ে রাজ্যসভায় মনোনীত হন। বর্তমানে তিনি দলের জাতীয় স্তরের অন্যতম মুখ হিসেবেও পরিচিত।

তবে তাঁর পদত্যাগের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সাংগঠনিক টানাপোড়েন এবং দলীয় অবস্থান নিয়ে মতবিরোধের জেরেই এই সিদ্ধান্ত হয়ে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *