বরাক তরঙ্গ, ১০ জুন : অসম বক্সিং সংস্থার উদ্যোগে এবং ভারতীয় বক্সিং ফেডারেশনের তত্ত্বাবধানে সম্প্রতি গোলাঘাট জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে প্রথমবারের মতো সফলভাবে অনুষ্ঠিত হয় ‘কাজিরাঙা রাইন কাপ’ পেশাদার বক্সিং লিগ। এই প্রতিযোগিতার সঙ্গে সমান্তরালে আয়োজিত জাতীয় রেফারি পরীক্ষায় অংশ নিয়ে উজ্জ্বল সাফল্য অর্জন করেছেন নগাঁওয়ের নীলাক্ষী শইকিয়া। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি নগাঁও জেলার প্রথম জাতীয় মহিলা বক্সিং রেফারি হিসেবে স্বীকৃতি লাভ করেছেন এবং জেলার জন্য এক বিরল গৌরব বয়ে এনেছেন।
জানা গেছে, নীলাক্ষী শইকিয়ার এই সাফল্য নগাঁওয়ের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তিনি জেলার প্রথম নারী হিসেবে জাতীয় পর্যায়ের বক্সিং রেফারির স্বীকৃতি অর্জন করেছেন। অসমে প্রথমবার অনুষ্ঠিত এই জাতীয় বাছাইভিত্তিক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অংশগ্রহণ করে।
অন্যদিকে, এই প্রতিযোগিতা উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের উদীয়মান বক্সারদের জন্য একটি পেশাদার মঞ্চ তৈরি করেছে। পাশাপাশি রেফারি ও ক্রীড়া কর্মকর্তাদেরও জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা প্রমাণের গুরুত্বপূর্ণ সুযোগ করে দিয়েছে। নীলাক্ষী শইকিয়ার এই অর্জনে নগাঁওয়ের ক্রীড়াপ্রেমী মানুষ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠন গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছে।



